প্রতারণা, জালিয়াতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে হারুন অর রশীদ ওরফে বডিবিল্ডার হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা, অবৈধ দখল, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১১টি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত বুধবার রাজধানীর বাড্ডা লিংক রোডের শরিয়তপুর টাওয়ার থেকে বডিবিল্ডার হারুনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাতেই জনৈক ভুক্তভোগী বাদী হয়ে মতিঝিল থানায় ডায়েরি করেন। যার নম্বর ৩৩। পরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মতিঝিল থানার ওসি জানান, হারুনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি ছাড়াও জাল দলিল তৈরি, অস্ত্র মামলা, সরকারি সম্পত্তি চুরি ও দখল, তথ্যপ্রযুক্তি আইন, চাঁদাবাজির মামলা আছে। এই আসামি নামকরা আইনজীবী, ব্যবসায়ী ও পুলিশ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন জনকে ব্ল্যাকমেইল করেন। তিনি ব্যবসায়ীদের টার্গেট করে নানা ধরনের ফাঁদে ফেলেন। তার কাছে অনেকগুলো সিমকার্ড পাওয়া গেছে। এসব সিমকার্ড তিনি প্রতারণার কাজে ব্যবহার করেন।
