আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়াল ভারত। বৃহস্পতিবার ঘোষিত দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
স্থানীয় গণমাধ্যম জানায়, এ নির্দেশে ব্যতিক্রমও রয়েছে। আন্তর্জাতিক পণ্যবাহী বিমান এবং ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর তালিকাভুক্ত বিশেষ বিমানগুলোর ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না।
কভিডের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ডিজিসিএ তাদের নতুন নির্দেশিকায় বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে প্রয়োজনে নির্ধারিত কিছু রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালাতে পারে।
মহামারির জন্য গত ২৩ মার্চ থেকে যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচল ভারতে বন্ধ রয়েছে। তবে মে মাস থেকে কিছু বিশেষ আন্তর্জাতিক বিমান চলাচল করছে, যার নাম দেওয়া হয়েছে ‘বন্দে ভারত মিশন’। এ ছাড়া ২৩টি দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি করেছে ভারত। সেই দেশগুলোর ক্ষেত্রেও বিমান চলাচলে ছাড় রয়েছে।
জানা গেছে, ২০২০ সালে ভারতে ৬ কোটি ৩০ লাখ মানুষ বিমানে যাতায়াত করেছে। আগের বছরের নিরিখে এটি ৫৬.২৯ শতাংশ কম। সরকারি তথ্য অনুযায়ী গত ডিসেম্বরে দেশটির মধ্যে ৭৩ লাখ ২৭ হাজার মানুষ বিমানে যাতায়াত করেছেন। এটি ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ৪৩.৭২ শতাংশ কম।
