ইতিহাসে স্থান করে নিচ্ছে বগুড়ার শেরপুর উপজেলার এক নিভৃত পল্লি। মালেন্দা গ্রামের নামটি এখন গিনেস বুকে স্থান পাওয়ার অপেক্ষায়। কারণ এ গ্রামের জমিকে ক্যানভাস করে দুই প্রজাতির ধানের সুপরিকল্পিত ও শৈল্পিক চাষের মাধ্যমে বঙ্গবন্ধুর ছবি ফুটিয়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে ১০০ বিঘা জমিতে প্রস্ফুটিত হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।
এটিই হবে বিশ্বের সর্ববৃহৎ ক্রপ ফিল্ড মোজাইক বা শস্যচিত্র। এর মাধ্যমে তৈরি হবে নতুন বিশ্ব রেকর্ড। ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’ এই উদ্যোগ গ্রহণ করেছে। এতে সহযোগিতা দিচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ার।
শুক্রবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার মালেন্দা গ্রামের কড়িতলা মাঠে শস্যচিত্রে বঙ্গবন্ধু কর্মসূচির উদ্বোধন করা হয়।
ধানের চারা রোপণের মাধ্যমে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ কর্মসূচির উদ্বোধন করেন বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব হাবিবর রহমান, সিরাজগঞ্জের সাংসদ তানভীর শাকিল জয়, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ম. আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সহসভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষি প্রধান সবুজ বাংলার বিশাল ক্যানভাসকে ব্যবহার করে প্রথমবারের মতো আঁকা হবে একটি নতুন ধরনের চিত্রকর্ম যা আবারো বিশ্ববাসীর সামনে কৃষি ও কৃষক দরদি বঙ্গবন্ধুকে তুলে ধরবে। সোনালি ও বেগুনি এই দুই রঙের ধান ব্যবহার করে আঁকা হবে জাতির পিতার এক বিশাল পোর্ট্রেট। ইতিপূর্বে ফিল্ড ট্রায়ালে বিভিন্ন উচ্চতা ও অ্যাঙ্গেল থেকে বিশেষ পদ্ধতিতে সংগৃহীত ছবি বিশ্লেষণ করে নকশা তৈরি করা হয়েছে। সেই ডিজাইনেই ধানের চারা রোপণের মাধ্যমে শুরু হলো এই কর্মসূচি।
আয়োজক কর্তৃপক্ষ জানান, চারা থেকে হবে গাছ, ধান হবে, ধান পাকবে আর প্রতিটি ধাপেই তৈরি হবে জাতির পিতার একেক ধরনের পোর্ট্রেট। ১০৫ বিঘা জমির ওপর নির্মিত ভিন্ন এই চিত্রকর্মের উদ্দেশ্য গিনেস বুক রেকর্ড করা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্য অনুযায়ী সর্ববৃহৎ শস্যচিত্র ২০১৯ সালে চীনে তৈরি হয়, যার আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। বাংলাদেশের শস্যচিত্রের আয়তন হবে প্রায় ১২ লাখ ৯২ হাজার বর্গফুট বা ১ লাখ ২০ হাজার বর্গমিটার।
শস্যাচিত্রটির দৈর্ঘ্য ৪০০ মিটার ও প্রস্থ ৩০০ মিটার। ১৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে নতুন এই বিশ্ব রেকর্ড অর্জন উদ্যাপন করা হবে বলে জানান আয়োজকরা।
