ঝুলে থাকা পোস্টার সরালেন চসিক মেয়র রেজাউল করিম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১০:১৫ পিএম

শুক্রবার সকালে নিজ উদ্যোগে নগরীর বহদ্দার হাট, চান্দগাঁও থানা ও খাজা রোড এলাকায় নির্বাচনী পোস্টার অপসারণ করলেন চট্টগ্রাম সিটি করপোশেনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।

অসংখ্য নেতাকর্মী সকালে রেজাউল করিম চৌধুরীর বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন জানাতে গেলে তিনি তাদের নিয়ে আশপাশের এলাকায় নির্বাচন উপলক্ষে লাগানো পোস্টারগুলো অপসারণ করেন।

তিনি নিজেই বাঁশের কঞ্চি হাতে মাথার ওপর থেকে পোস্টার নামান। এরপর উপস্থিত নেতাকর্মীরা তার সঙ্গে কাজে যোগ দিলে মূহূর্তেই পোস্টারশূন্য হয় এলাকা।

পোস্টার অপসারণ কাজের উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সামনে রাখা বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নাগরিক দায়িত্ববোধ থেকে আমি এ কাজ করেছি। আমার শহর আমার অহঙ্কার এ ভাবনা মাথায় রেখে নগরীর সব নাগরিকের উচিৎ নিজের শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন ভূমিকা রাখা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে প্রচারণার স্বাথে আমরাই এ পোস্টার লাগিয়েছি। পোস্টারের মাধ্যমে মানুষের ভোট ও দোয়া প্রার্থণা করেছি। এখন নগরীর সৌন্দর্য ও নগরীর মানুষের স্বার্থেই আমাদের উচিৎ নিজেদের উদ্যোগে নেতাকর্মী-সমর্থকদের নিয়ে এ পোস্টারগুলো নামিয়ে ফেলা।

এ সময় তিনি পোস্টার ছিঁড়ে যত্রতত্র না ফেলার জন্যও অনুরোধ জানান।

তিনি আরো বলেন, দু’দিনের মধ্যে নগরীর স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। পোস্টারের কারণে যানবাহন চলাচলে সৃষ্ট বাধা অপসারণ করতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগ বিশেষ উদ্যোগ নিয়ে নামিয়ে ফেলা নির্বাচনী পোস্টার ও ব্যানার যথাযথ স্থানে অপসারণে বিশেষ উদ্যোগী হবেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৭, ১৮, ১৯ এর নবনির্বাচিত নারী কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. আইয়ুব খান, ৭ নম্বর যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাক এম. এ আজিজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত