মিয়ানমারে সেনাকর্তৃক রাষ্ট্রক্ষমতা দখলে বিএনপি গভীর উদ্বিগ্ন: ফখরুল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৯ পিএম

মিয়ানমারে সেনাপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতা দখলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ বাতিল করে মিয়ানমারের সেনাপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতা দখলের অতি সাম্প্রতিক ঘটনায় বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন। গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার অগ্রাহ্য করে জনগণের ওপর কর্তৃত্ববাদী শাসনের নির্মম শিকার বাংলাদেশের জনগণ। তাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে বিএনপি মনে করে যে, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে মিয়ানমারের জনগণ গণতান্ত্রিক অধিকার ও শাসনব্যবস্থা অর্জন করেছিলেন তা কেড়ে নেয়া অনৈতিক ও অগ্রহণযোগ্য।’ 

তিনি বলেন, ‘জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিতার রাজনৈতিক সংস্কৃতির অনুপস্থিতি প্রতিবেশী মিয়ানমারের জনগণ কতটা ক্ষতিগ্রস্ত হবে-তা বাংলাদেশের ভুক্তভোগী জনগণ ভালোভাবেই অনুভব করে বিধায় বাংলাদেশের জনগণ মিয়ানমারে গণতান্ত্রিক শাসনব্যবস্থা অব্যাহত দেখতে চায়'।

মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক বছর ধরে মিয়ানমার থেকে বিতাড়িত কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করলেও তাদের নিরাপদ প্রত্যাবাসনের কোনো ব্যবস্থাই বাংলাদেশ সরকার করতে পারেনি। নতুন এ রাজনৈতিক প্রেক্ষিতে বিষয়টি যাতে আরো দুস্কর কিম্বা জটিল না হয়ে পড়ে সে ব্যাপারে দ্রুত কার্যকর কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত