তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসেই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। তবে করোনা শঙ্কায় আপাতত সফরটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সংস্থাটির অস্থায়ী মুখ্য প্রশাসক নিক হকলে বলেছেন, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকি রয়েছে। তাই সফর বাতিল করা হল।
প্রসঙ্গত, এর আগে ইংল্যান্ড ক্রিকেট দলও দক্ষিণ আফ্রিকায় গিয়ে সফরের মাঝপথে দেশে ফিরে যায়। তখন থেকেই এই সিরিজ হবে কিনা, সেই নিয়ে শঙ্কা ছিল। অবশেষে সব আশঙ্কা সত্যি করে নিজেদের সিদ্ধান্ত জানাল অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকা এখন কোভিড-১৯ এর দ্বিতীয় ধাক্কার সঙ্গে লড়াই করছে। সেটি বিবেচনা করেই ক্রিকেট অস্ট্রেলিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, এখন দক্ষিণ আফ্রিকায় যাওয়া ক্রিকেটার ও প্লেয়িং স্টাফদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।
তবে এই সিরিজ সংগঠিত করার জন্য ক্রিকেট সাউথ আফ্রিকা যে প্রচেষ্টা করছিল, সেটাকেও কুরনিশ করেছে অজি বোর্ড। তারা জানিয়েছে, একান্ত নিরুপায় হয়েই এই সিদ্ধান্ত নিতে হল তাদের। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করার পথও বাধাপ্রাপ্ত হল, সেটাও প্রকারান্তরে মেনে নিয়েছে অজি ক্রিকেট বোর্ড।
