ক্রিকেটে কত কিছুই তো হয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগে এবার যা ঘটল, এর আগে কখনো ক্রিকেট মাঠে এমন ঘটনা ঘটেছে কিনা সন্দেহ!
আবুধাবি ও নর্দার্ন ওয়ারিয়র্সের ম্যাচ ছিল সোমবার। নর্দার্ন ওয়ারিয়র্সের একজন ফিল্ডার রোহান মোস্তফার কাণ্ড দেখে মাঠে হাসাহাসি চলল বেশ কিছুক্ষণ।
রোহান মোস্তফা জার্সি বদলাচ্ছিলেন। তাও ম্যাচের মাঝেই! ঠিক সেই সময় তার দিকেই শট খেলেন আবুধাবির ব্যাটসম্যান। জার্সি বদলাতে গিয়ে বাউন্ডারি লাইনে বল ফেরাতে ব্যর্থ হন রোহান। প্রতিপক্ষ পেয়ে যায় চার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও রীতিমতো ভাইরাল। অনেকেই অবশ্য রোহান মোস্তফাকে অপেশাদার বলছেন। ম্যাচের মাঝে জার্সি বদলাতে গিয়ে তার এই কাণ্ড অনেকেই ভালো চোখে দেখেননি। তবে অনেকে আবার এই ঘটনাকে স্রেফ মজার ছলেই নিয়েছেন।
রোহান মোস্তফার এমন কাণ্ডের পরও নর্দার্ন ওয়ারিয়র্স ম্যাচটা ৮ উইকেটে জিতেছে।
টি-টেন লিগকে স্বীকৃতি দিয়েছে আইসিসি। আবুধাবির এই ১০ ওভারের ক্রিকেট বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তাও পেয়ে গেছে।
