কুড়িগ্রামে স্ত্রীকে হত্যায় যুবকের মৃত্যুদন্ড

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩১ এএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অন্তঃসত্ত্বা স্ত্রী পিংকি খাতুন শিল্পীকে (২২) শ্বাসরোধে হত্যার দায়ে রাসেল বাবু (৩৪) নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল মান্নান এ রায় দেন। কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এর সত্যতা নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালে ভুরুঙ্গামারী উপজেলার দাক্ষণ পাথরডুবি গ্রামের হাতেম আলীর মেয়ে পিংকি খাতুনের সঙ্গে একই উপজেলার নাখারগঞ্জ এলাকার সাইফুর রহমানের ছেলে রাসেল বাবুর বিয়ে হয়। বিয়ের তিন মাস অতিবাহিত হলে যৌতুকের জন্য পিংকির ওপর নির্যাতন শুরু করে রাসেল। স্বামীর লাগাতার নির্যাতন সইতে না পেরে স্ত্রী পিংকি তার বাপের বাড়িতে চলে আসেন। কিছুদিন পর একই বছরের ২৭ মে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যায় রাসেল। ওই সময় তার শ্বশুর-শাশুড়ি আত্মীয়ের বাড়িতে চলে যাওয়ায় গর্ভের সন্তান নষ্ট করা নিয়ে পিংকির সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এরই একপর্যায়ে পিংকিকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় রাসেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত