আলজাজিরার প্রতিবেদন সম্পূর্ণ হলুদ সাংবাদিকতা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫৫ পিএম

বাংলাদেশ নিয়ে আলজাজিরার প্রতিবেদন সম্পূর্ণ হলুদ সাংবাদিকতা মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশবাসীকে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার গুলশানের পুলিশ প্লাজায় নৌ-পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলজাজিরা টেলিভিশনে সম্প্রতি সম্প্রচারিত প্রতিবেদনটি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এটা সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে না। এটা সম্পূর্ণ হলুদ সাংবাদিকতা।

তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রতিবেদন করা হয়েছে। অতীতেও এমন মনগড়া সংবাদ প্রচার করা হয়েছে।

দেশবাসীকে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল।

মিয়ানমারে সেনা অভ্যুত্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সীমান্তে কড়া পাহারা দেওয়া হচ্ছে। সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছে।

সম্প্রতি দেশে বিষাক্ত মদ পান করে মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে মদ আমদানি বন্ধ রয়েছে। এ জন্য বিদেশি মদের সংকট রয়েছে। এই সুযোগে একটি চক্র নকল মদ উৎপাদন করছে।

তিনি বলেন, এদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত