লিগে মাত্র টানা তিন ম্যাচ ছিলেন গোলশূন্য, তাতেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা-সমালোচনা। ইতালিয়ান কাপে ইন্তার মিলানের বিপক্ষে জোড়া গোল করে জবাব দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে পর্তুগিজ তারকার ‘সামর্থ্যরেও প্রমাণ মিলেছে’ বলে মনে করেন জুভেন্তাস কোচ আন্দ্রেয়া পিরলো।
মঙ্গলবার সান সিরোয় সেমিফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জেতে জুভরা রোনালদোর দুই গোলে। ৯ মিনিটেই লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৬ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান রোনালদো। ৩৫ মিনিটে ফিল্ড গোলে এগিয়ে নেন তিনি জুভেন্তাসে, যা শেষ পর্যন্ত জয়সূচক গোল হয়ে থাকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা দলগুলোর মধ্যে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে সবচেয়ে বেশি ৮ বার ম্যাচে জোড়া গোল করলেন ৩৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড। ১৩ মিনিট বাকি থাকতে রোনালদোকে তুলে নেন কোচ। ৯ ফেব্রুয়ারি নিজেদের মাঠে দ্বিতীয় লেগ খেলবে জুভেন্তাস। এর আগে শনিবার লিগে রোমার সঙ্গে খেলা তাদের। ঠাসা সূচিতে রোনালদোকে বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত বলে জানান পিরলো।
ইন্তারের কাছে জানুয়ারিতে সিরি আ-তে হেরেছিল জুভেন্তাস। সেই ম্যাচের শিক্ষা দলকে ঐক্যবদ্ধ হতে সাহায্য করেছে বলে মনে করেন পিরলো, ‘সুপার কোপায় এই জয়ের পর আমাদের আত্মবিশ্বাস বেড়েছে, আমরা সব প্রতিযোগিতায় শিরোপার জন্য লড়তে পারি। তবে আমরা এখনো কিছুই জিতিনি, কেবল প্রথম লেগ জিতলাম।’
