রেলে যুক্ত হচ্ছে দ্রুতগতির ৪০ ইঞ্জিন : সুজন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৯ এএম

যুক্তরাষ্ট্র থেকে আনা উচ্চগতিসম্পন্ন ৪০টি ব্রডগেজ ইঞ্জিন বাংলাদেশ রেলে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, দ্রুতগতির এসব ইঞ্জিন আসা শুরু হবে আগামী মাসেই। পাশাপাশি কোরিয়া থেকে আনা হবে উচ্চ গতিসম্পন্ন ৮টি মিটারগেজ ইঞ্জিন। এ ছাড়া কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ শুরু হবে আগামী বছরের শেষে (২০২২ সালে)। গতকাল বুধবার  রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন তার নিজ দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান। দুপুরে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ করে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। এ সময় ক্র্যাব সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক হাসান-উজ-জামান, অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খান, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মিজান, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুদ্র রাসেল ও কার্যনির্বাহী সদস্য গোলাম সাত্তার রনি।

ক্র্যাব নেতাদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে রেলযোগাযোগ বাড়াতে আরও চারটি বড় রেলস্টেশন স্থাপনের কাজ চলছে। চলতি অর্থবছরেই ৫০টি জরাজীর্ণ রেলস্টেশন সংস্কার ও আধুনিয়াকনের কাজ বাস্তবায়ন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত