রাজশাহীতে ধর্ষণ মামলায় রেলস্টেশন মাস্টার গ্রেপ্তার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২১ পিএম

ধর্ষণ মামলায় পশ্চিমাঞ্চল রেলওয়ের এক স্টেশন মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মঈন উদ্দিন আজাদ। বুধবার রাতে নাটোরের নলডাঙ্গা ধানার মাধনগর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল।

গত ১৯ জানুয়ারি বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা করেন এক গৃহবধূ।

মঈন উদ্দিন আজাদ সে সময় রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন। এই মামলার প্রেক্ষিতে তাকে রাজশাহী থেকে নাটোরের নলডাঙ্গা ধানার মাধনগর স্টেশনে বদলি করা হয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 মামলা সূত্রে জানা গেছে, ট্রেনে যাতায়াতের পথেই স্টেশন মাস্টার আজাদের সঙ্গে নগরীর শিরোইল এলাকার ওই নারীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে কথা হত। আজাদ ওই নারীকে রেলওয়েতে একটি চাকরিও দিতে চেয়েছিলেন। এ জন্য ঘুষ হিসেবে ওই নারীকে আট লাখ টাকা লাগবে বলে জানান। তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, রেলের চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেয়ার নামে ১৭ জানুয়ারি ওই নারীকে বাসায় ডাকেন মঈন উদ্দিন আজাদ। ওই নারী সরল বিশ্বাসে তার বাসায় গেলে দেখেন সেখানে কেউ নেই। ফাঁকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর রেল কর্মকর্তা ঘটনাটি কাউকে জানালে বড় ধরনের ক্ষতির হুমকিও দেন।

রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, স্টেশন মাস্টার মঈন উদ্দিন আজাদের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত