স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৫ পিএম

নড়াইল সদর উপজেলার ১১ নম্বর বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার সহায়তা প্রকল্প-৩ (এলজিএসপি-৩) এর নড়াইল ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আব্দুল হালিমের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম জানান, গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন বহিষ্কার আদেশে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিরাজুল ইসলাম এলজিএসপি-৩ প্রকল্পের ডিএফ আব্দুল হালিমের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে অপরাধমূলক কাজ করেছেন। জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ ও ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে সিরাজুল ইসলাম বলেন, “বরখাস্তের কথা শুনেছি। তবে আমি এখনো আদেশের কপি পাইনি।”

২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক  নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত