ফোনে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৫ এএম

নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) মোবাইল ফোনে ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, উথলী গ্রামের ওই কিশোরীর সঙ্গে একই গ্রামের ইউসুফ শেখের ছেলে নিশান শেখের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিশান মোবাইল ফোনে তাকে বাড়ির পাশের বিলে ডেকে নেয়। সেখানে যাওয়ার পর নিশান ও তার বন্ধুরা মিলে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরলে ভুক্তভোগী বাড়িতে যায়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর ফুফু জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় তার ভাইয়ের মেয়েকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু বলেন, ‘রাত ২টার দিকে কালিয়া থেকে একটি মেয়ে গণধর্ষণের হিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছে। আমরা ভুক্তভোগীর আলামত সংগ্রহ করেছি। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল শেষে চূড়ান্ত মতামত দেওয়া হবে। বিষয়টি আমরা থানাকে অবহিত করেছি।’

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা রাতেই পাঁচজনের নামে মামলা করেছেন। এ ছাড়া অজ্ঞাতনামা দুজন আসামি রয়েছে। এর মধ্যে নিশান শেখ, বাপ্পী সিকদার ও নাঈম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত