বিদায়ী প্রশাসক সুজন

চসিকের শিক্ষা খাত নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হবে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৭ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সদ্যবিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, চসিকের শিক্ষা খাত নিয়ে অনেক চিন্তা-ভাবনা করতে হবে। ভর্তুকির ভার কমাতে হবে। প্রাইমারি ও মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা খাত রেখে বাড়তি বোঝা ছেড়ে দেওয়ার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন। গতকাল শুক্রবার সকালে আন্দরকিল্লাস্থ চসিকের পুরনো নগর ভবনের কে. বি আবদুস সাত্তার মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া বিদায়ী শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

সুজন বলেন, দীর্ঘদিন চাকরি করে অবসর নেওয়ার পর আনুতোষিক না পাওয়া দুঃখজনক। আমি দায়িত্ব নিয়ে ইতিমধ্যে কিছু আনুতোষিক পাওনা পরিশোধ করেছি। আশা করি এ ধারা অব্যাহত থাকবে।

সদ্যবিদায়ী এ প্রশাসক আরও বলেন, এই শহরে আমার জন্ম, এই শহরে বেড়ে ওঠা, এই শহরেই আমার মৃত্যু হবে। ছাত্রজীবনে রাজনীতির হাতেখড়ি নিয়ে রাজপথকে আমার ঠিকানা বানিয়েছি। এখান থেকে চট্টগ্রাম নগরকে নিয়ে আমার স্বপ্ন দেখা। ১৮০ দিনের অভিজ্ঞতায় ভালোকে গ্রহণ করেছি, মন্দকে পরিহার করেছি। বিদায় বলতে বুঝি শেষ বিদায়, তবে তা নয়। আমি কর্মে ছিলাম, আছি এবং থাকব।

করপোরেশনের প্রশাসক হিসেবে কাজ করার অভিজ্ঞতা দিয়ে সুজন বলেন, আমি অনুধাবন করেছি, চসিকে অনেক মেধাবী কর্মকর্তা-কর্মচারী আছেন। তাদের ঠিকমতো ফিডব্যাক দিলে অনেক সফলতার দুয়ার তারাই খুলে দিতে পারেন এবং ইতিমধ্যে দিয়েছেনও। আমার দায়িত্ব অল্প সময়ে হলেও তারা নগরকে পরিচ্ছন্ন করেছেনযা দৃশ্যমান। এটাই তার ভালো প্রমাণ। তাদের স্যালুট জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত