‘বিএনপি ক্ষমতায় থাকতে নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০২ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে বারবার নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে।

শনিবার নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে বারবার নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে। বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে। তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো।

তিনি বলেন, জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে। কিন্তু জনগণ সচেতন রয়েছে। কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে তা কঠোর হাতে দমন করা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে স্থিতিশীলতা। করোনার অভিঘাত কাটিয়ে প্রতিটি খাতে ফিরতে শুরু করছে চাঞ্চল্য। 

তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিল। সেই ফ্রন্ট ছিল ক্ষমতা ভাগাভাগির ফ্রন্ট। পারস্পরিক অবিশ্বাস ও আস্থাহীনতায় কাদা ছোড়াছুড়ি, আর একজন আরেকজনকে বহিষ্কারই সে ফ্রন্টের সফলতা ছিল।

ওবায়দুল কাদের বলেন, এখন আবার তারা জাতীয় ফ্রন্ট গঠনের উদ্যোগ নিয়েছে। আসলে বিএনপির নেতৃত্বে মোর্চা গঠন জাতীয় ঐক্যের মুখোশের আড়ালে ক্ষমতা ভাগাভাগির ফ্রন্ট।

তিনি বলেন, বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করে দেওয়ার গ্যারান্টি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের নানামুখী উদ্যোগ চলমান রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মিয়ানমারের সাম্প্রতিক পটপরিবর্তন এবং এর পরবর্তী পরিস্থিতির ওপর সরকার দৃষ্টি রাখছে।

একটি মহল করোনার টিকা নিয়ে এখনো সংশয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তাদের কথা কানে না নেওয়ার আহ্বান জানিয়েছে তিনি।

ওবায়দুল কাদের বলেন, টিকার নেতিবাচক কোনো প্রতিক্রিয়া এখানে পাওয়া যায়নি। সকলকে উৎসাহের সঙ্গে টিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ১৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সভা- সমাবেশ, প্রতিনিধি সভা ও গণসংযোগ কর্মসূচি পালন করার আহ্বান জানান।

এ সকল কর্মসূচি পালনে মূল দলের সঙ্গে সঙ্গতি রেখে সহযোগী সংগঠনগুলোকেও ঘোষিত কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত