বাগেরহাটে ১১০টি বুথে দেওয়া হবে করোনার টিকা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৭ পিএম

বাগেরহাটে প্রথম ধাপে করোনাভাইরাসের টিকা প্রয়োগে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ।

জেলায় মোট ১১০টি বুথ খোলা হচ্ছে তাতে ২২০ জন টিকা প্রয়োগকারী অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী এবং ৪৪০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

বাগেরহাট জেলায় ৪৮ হাজার ডোজ টিকা প্রয়োগ করবে স্বাস্থ্য বিভাগ।

আগামীকাল ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি বিভিন্ন দপ্তরের চাকরিজীবী অনলাইনে নিবন্ধিতদের শরীরে এই টিকা প্রয়োগ শুরুর কথা রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। বাগেরহাটের প্রতিটি উপজেলায় তিনটি করে বুথ এবং প্রতিটি ইউনিয়নে একটি করে কেন্দ্র হবে।

সদর হাসপাতালে আটটি করে বুথ এবং পুলিশ হাসপাতালে একটি বুথ থাকবে। বুথগুলোতে প্রশিক্ষিত টিকা প্রয়োগকারী অভিজ্ঞ দুজন স্বাস্থ্যকর্মী আর তাদের সাহায্যের জন্য চারজন করে স্বেচ্ছাসেবী থাকবেন। যারা বুথে বা কেন্দ্রে টিকা গ্রহণ করতে আসবেন তাদের নিবন্ধন ঠিক আছে কিনা তা যাচাই বাছাইয়ে সহযোগিতা করবে এই স্বেচ্ছাসেবীরা।

বাগেরহাট জেলায় মোট ১১০টি বুথ খোলা হচ্ছে তাতে ২২০ জন টিকা প্রয়োগকারী অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী এবং ৪৪০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। নিবন্ধনের বাইরে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না। প্রথম ধাপের এই টিকা পাবেন সম্মুখসারির করোনা যোদ্ধারা। তার মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী ও মুক্তিযোদ্ধারা। আর যাদের বয়স ৫৫ বছরের ঊর্ধ্বে তারাই প্রথম ধাপে টিকা নিতে পারবেন।

সরকারের দেয়া ওয়েবসাইটে আবেদনের পর নিবন্ধিতরা নির্ধারিত তারিখে নির্দিষ্ট বুথে গিয়ে করোনাভাইরাসের টিকা গ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত