গত বছরের ২৮ আগস্ট চ্যাডউইক বোসম্যানের মৃত্যুর খবর বিশ্বাসই করতে পারছিলেন না সারা বিশ্বের ভক্তরা। কয়েক বছর ধরে নীরবে ক্যানসারের সঙ্গে লড়ে যাওয়া অভিনেতাকে সত্যিকারের ‘ব্ল্যাক প্যান্থার’ বলেই সাব্যস্ত করেন সুপারহিরোপ্রেমীরা।
প্রয়াণের পরও নজির তৈরি করলেন বোসম্যান। এ বছর স্ক্রিন গিল্ড অ্যাওয়ার্ডসে তিনি চারটি মনোনয়ন পেয়েছেন। বোসম্যানই প্রথম অভিনেতা, যিনি একই সঙ্গে চারটি স্ক্রিন গিল্ড মনোনয়ন পেলেন।
‘মা রাইনিস ব্ল্যাক বটম’-এর জন্য সেরা অভিনেতা এবং ‘দ্য ফাইভ ব্লাডস’-এর জন্য সেরা সহ-অভিনেতার মনোনয়ন পেয়েছেন চ্যাডউইক বোসম্যান। এ ছাড়া দুটি ছবিতে তারকাবহুল কাস্টের জন্যও আলাদা দুটি মনোনয়ন পেয়েছেন তিনি।
বোসম্যানের সঙ্গে প্রতিযোগিতায় আছেন রিজ আহমেদ, অ্যান্থনি হপকিনস, গ্যারি ওল্ডম্যানসহ অনেকে।
এ দিকে সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছেন ভায়োলা ডেভিস (মা রাইনিস ব্ল্যাক বটম), ভ্যানেসা কিরবি (পিসেস অব আ উওম্যান), ক্যারি মুলিগান (প্রমিসিং ইয়ং উওম্যান) প্রমুখ।
টেলিভিশন সিরিজের দৌড়ে রয়েছে দ্য ক্রাউন, ওজার্ক, ব্রিজিটন, দ্য কুইনস গ্যামবিট ইত্যাদি।
এবারের গিল্ড অ্যাওয়ার্ডস আরও একটি কারণে তাৎপর্যপূর্ণ। ৬ জানুয়ারি ক্যাপিটলে অরাজকতা তৈরির নেপথ্যে ইন্ধন দেওয়ার অভিযোগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহিষ্কার করার হুমকি দিয়েছিল গিল্ড। ট্রাম্প নিজেই ইউনিয়ন থেকে ইস্তফা দিয়েছেন।
তার অভিযোগ, ‘‘১৯৮৯ সাল থেকে আমি এখানে সদস্য ছিলাম। কিন্তু গিল্ড আমার জন্য কিছুই করেনি।’’
৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা গিল্ড অ্যাওয়ার্ডসের।
