সাভারে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে স্কুল শিক্ষার্থী রোহানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল আসামি হৃদয়কে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ভোরে ধামরাই পৌর এলাকার ইসলামপুর মহল্লার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার রাত ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় স্কুল শিক্ষার্থী রোহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হৃদয় ও তার সহযোগীরা।
গ্রেপ্তারকৃত হৃদয় সাভার সদর ইউনিয়নের মল্লিকার টেক এলাকায় ঝন্টু মিয়ার ছেলে।
নিহতের চাচাতো ভাই রাজু বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে রোহানকে হত্যার হুমকি দিয়েছিল লিডার হৃদয়। শনিবার রাতে রোহান তার তিন বন্ধুকে নিয়ে ব্যাংক কলোনি এলাকার এসিড স্কুলের সামনে মুড়ি মটকা নামে একটি রেস্টুরেন্টের সামনে যাওয়ার পর সেখানে আগে থেকেই ওৎপেতে থাকা কিশোর গ্যাং লিডার হৃদয়, রাহিদ খান ও শুভসহ কিশোরগঞ্জের ৫০ থেকে ৬০ জন সদস্য তার ওপর হামলা চালায়।
একপর্যায়ে হৃদয় রোহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। তাকে দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে রোহানকে হত্যা করেছে হৃদয় ও তার সহযোগীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
