টিকা নিয়ে ভালো আছি, আপনারাও নিন: প্রধান বিচারপতি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪০ পিএম

কোভিড- ১৯ প্রতিরোধে আইনজীবীদের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। টিকা নিয়ে তিনি ভালো আছেন এবং বিচারকাজ পরিচালনা করছেন বলে জানান।

সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সময় আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা গতকাল (রবিবার) টিকা নিয়েছি। ভালো আছি। বিচারকাজ পরিচালনা করছি। কোনো সমস্যা হচ্ছে না। আপনারাও টিকা নিন।’

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন, ‘আমরা টিকা নিয়ে নেব। সবাই মিলে নেব।’

জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ সময় যুক্ত ছিলেন। 

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় এবং হাইকোর্ট বিভাগের ৪৮ বিচারপতিসহ ৫৫ বিচারপতি রবিবার করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেন। ওই দিন দেশব্যাপী শুরু  হওয়া টিকাদান কর্মসূচীর উদ্বোধনী দিনে উচ্চ আদালতের বিচারকরা টিকা নেন।

প্রধান বিচারপতি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ  হাসপাতালে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৬ বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৪৮ বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নেন। সকাল ১০ টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। দেশব্যাপী এক হাজার পাঁচটি কেন্দ্রে একযোগে টিকাদান শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত