বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে শুরুটা দুর্দান্ত করেছেন সেরেনা উইলিয়ামস ও নওমি ওসাকা।
সোমবার থেকে মেলবোর্নে শুরু হয়েছে এই আসর। করোনা মহামারির কারণে এবার নির্দিষ্ট সময়ের থেকে তিন সপ্তাহ পিছিয়ে আয়োজন করতে হয়েছে আসরটি।
সেরেনা জার্মানির লরা সিগেমুন্ডকে মাত্র ৫৬ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-১ গেমে বিধ্বস্ত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন। ৩৯ বছর বয়সী এই প্রতিযোগী এই ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শততম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি তার সামনে।
ম্যাচ শেষে সেরেনা বলেন, ‘শুরুটা দুর্দান্ত হয়েছে, এভাবেই এগিয়ে যেতে চাই।’ দ্বিতীয় রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ সার্বিয়ার নিনা স্টোয়ানোভিচ।
এদিকে টুর্নামেন্টের তৃতীয় বাছাই জাপানি তারকা ওসাকা রড লেভার এরিনাতে মেয়েদের এককে এবারের আসরের প্রথম সার্ভিসটি করেছেন। রাশিয়ান আনাতাসিয়া পাভলিচেনকোভার বিপক্ষে মাত্র ৬৮ মিনিটেই তিনি জয় তুলে নেন। রুশ প্রতিপক্ষকে উড়িয়ে দেন ৬-১, ৬-২ গেমে। দ্বিতীয় রাউন্ডে ওসাকার প্রতিপক্ষ ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া।
প্রথম দিন অবশ্য বিদায় নিয়েছেন ২০১৬ সালের বিজয়ী অ্যাঞ্জেলিক কারবার। জার্মানির ২৩তম বাছাই কারবার বিশ্বের ৬৩ নম্বর র্যাঙ্কধারী মার্কিন খেলোয়াড় বার্নাডা পেরার কাছে সরাসরি সেটে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন।
