চিকিৎসার নামে ‘কবিরাজ’ কর্তৃক গৃহবধূ ধর্ষণ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৪ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে চিকিৎসার নামে কবিরাজ কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ (২৫)।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মঙ্গলবার রাতে কবিরাজ কামাল মিয়াকে (৫৮) আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেছে।

মামলার এজাহারে বাদী জানায়, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার ভণ্ড কবিরাজ কামাল মিয়া আমার পূর্ব পরিচিত। এ সুবাদে সে মাঝে মধ্যে আমার বাসায় আসত। আমাদের সন্তান না হওয়ায় এ বিষয়ে আমি কামাল মিয়ার সঙ্গে আলাপ আলোচনা করি।

একপর্যায়ে কামাল মিয়া জানায়, আমি চিকিৎসা দিলে তোর সন্তান হবে। এর ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় কবিরাজ কামাল মিয়া আমি বাসায় না থাকার সুযোগে বাসায় আসে। পরে আমার স্ত্রীকে ঝাড়-ফুঁ দিয়ে তাকে বিছানায় শয়ন করতে বলে। পরে তাকে তেল মালিশের কথা বলে আমার স্ত্রীর মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। প্রথমে বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকে জানানোর পর বিচারের আশ্বাস দেয়ায় থানায় অভিযোগ করতে দেরি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক কুমার সাহা দেশ রূপান্তরকে বলেন, কবিরাজ কর্তৃক গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত