রূপপুরের স্ক্র্যাপ ব্যবসা নিয়ন্ত্রণ: এমপিপুত্রের সংবাদ সম্মেলন, বিক্ষোভ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৮ পিএম

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে লোহা ও স্ক্র্যাপ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ঈশ্বরদী থানায় অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে শহরে ‘সচেতন জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে রাতেই স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের ছেলে মো. তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সেখানে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘রূপপুর প্রকল্পে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেখানে ইচ্ছে করলেই কেউ প্রবেশ করতে বা বের হতে পারে না সেখানে পাঁচ ট্রাক লোহা চুরি সম্ভব কি না তা বিবেকবান সবার কাছে আমার প্রশ্ন।

দোলন বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা দুঃখজনক’।

এ সময় ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, সদ্য বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, দাশুড়িয়ার ইউপি চেয়ারম্যান বকুল সরদার, ঈশ্বরদী কলেজের সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, শ্রমিক লীগ নেতা জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা, যুবলীগ নেতা মোশাররফ হোসেন নয়ন, সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুঝ, মিজানুর রহমান মিজান, বিশাল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে অপরদিকে সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস ও তার পরিবারের তীহা বিশ্বাস অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী দোলন বিশ্বাসের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে শহরে ‘সচেতন জনতা’ বিক্ষোভ মিছিল বের করে।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে এমপিপুত্রের নেতৃত্বে পাঁচ ট্রাক লোহা চুরিচেষ্টার খবর কর্র্তৃপক্ষকে জানিয়ে দেওয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে রূপপুর পারমাণবিক প্রকল্পসংলগ্ন নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম সোহেল রানা (৪৫)।  তিনি রূপপুর প্রকল্পের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলা পাওয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক। পরে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত