আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকের সংঘর্ষ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৯ পিএম

রাজবাড়ীতে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী মহম্মদ আলী চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী আলমগীর শেখ তিতুর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচার চালানোর সময় আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জন আহত হন। আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় নৌকা মার্কার কর্মী আব্দুল কাদের মিয়া সোহানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী মহম্মদ আলী চৌধুরী দাবি করেন, তার কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচার চালানো অবস্থায় বিদ্রোহী প্রার্থীর লোকজন হামলা চালিয়ে সোহান নামে এক কর্মীকে আহত করেছে।

আর বিদ্রোহী প্রার্থী আলমগীর শেখ তিতু দাবি করেন, নির্বাচনে প্রচারে তাকে বার বার বাধা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার বড় ভাই আবুল কালাম আজাদকে পিটিয়ে জখম করা হয়েছে।  

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক তাইরান মাহমুদ জানান, অবস্থা খারাপের দিকে যাওয়ায় ও ইন্টারনাল ব্লিডিং হওয়ায় সোহানকে ফরিদপুরের পাঠানো হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো সহিংসতা যাতে না হতে পারে সে জন্য ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ বিষয়ে শুক্রবার আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী ১৭ জনের নাম উল্লেখ করে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত