স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নববধূ নিহত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৮ পিএম

গাজীপুরে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় এক নববধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর শিববাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যানের চালককে আটক করেছে। নিহতের নাম কাকলি আক্তার (২২) মাদারীপুর জেলা সদর থানার ধূরাইল কপালি কান্দি এলাকার মহসিন হোসেন সজিবের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম ভুরুলিয়া এলাকার দেলোয়ার ফকিরের বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন মহসিন। প্রায় দুই মাস আগে তিনি কাকলিকে বিয়ে করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বেড়াতে বাসা থেকে বের হন। তারা চান্দনা চৌরাস্তা যাওয়ার পথে ঢাকা-শিমুলতলী সড়কের শিববাড়ি মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পেছনে বসে থাকা কাকলি সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কাকলিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং কাভার্ড ভ্যানটি জব্দ করে।

পুলিশ কাভার্ডভ্যানের চালক মো. শাহজাদাকে (২৮) আটক করেছে। সে রংপুরের তারাগঞ্জ থানার ঘনিরামপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত