বোনের জন্মদিন এলেই ইনজুরিতে পড়েন নেইমার!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫০ এএম

নেইমার ও ইনজুরি যেন সমার্থক হয়ে উঠছে। ফরাসি কাপে বুধবার কাঁয়ের সঙ্গে ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন নেইমার। পিএসজি জানিয়েছে, চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে নেইমারকে। নেইমারের ছোট বোন রাফায়েল্লা সান্তোসের জন্মদিন ১১ মার্চ। ২০১৫ সাল থেকে লক্ষ করলে দেখা যাবে, বোনের জন্মদিনের কাছাকাছি সময়েই বারবার নেইমার ইনজুরির কারণে বা নিষেধাজ্ঞায় থাকছেন মাঠের বাইরে।

পিএসজি বিবৃতিতে জানিয়েছে, ‘নেইমার বাম অ্যাবডাক্টরে চোট পেয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে তাকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’ ফলে মঙ্গলবার ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ প্রি-কোয়ার্টারের প্রথম লেগ মিস করছেন নেইমার। দ্বিতীয় লেগের খেলা ১০ মার্চ পিএসজির মাঠে। নেইমার বার্সার বিপক্ষে প্রথম লেগ মিস করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টির চেয়ে বেশি আলোচনা হচ্ছে রাফায়েল্লার জন্মদিনের সময়টাতে নেইমারের মাঠে না থাকা নিয়ে।

একটু খুলে বলা যাক। ২০১৫ সালে বার্সেলোনাতে থাকার সময় নেইমার তার বোনের জন্মদিনের আগে নিষেধাজ্ঞায় পড়েছিলেন, মৌসুমে পঞ্চম হলুদ কার্ডের কারণে। সে সময় বোনের জন্মদিন পালন করতে ব্রাজিলে ফিরেছিলেন নেইমার। পরের মৌসুমে মার্চের ৩ তারিখ ম্যাচের সময় মৌসুমের পঞ্চম হলুদ কার্ড দেখেন তিনি। নিষেধাজ্ঞা পেয়ে কোচের অনুমতি নিয়ে ফিরে যান ব্রাজিল। দলের সঙ্গে যোগ দেন বোনের জন্মদিনের পর। ২০১৭ সালে বোনের জন্মদিনের দুদিন আগে পেশির ইনজুরির কারণে ছিটকে যান নেইমার। ২০১৭তেই তিনি ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দিয়েছিলেন পিএসজিতে। ক্লাব বদলালেও ইনজুরি পিছু ছাড়েনি তার। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মেটাটারসাল ফ্রাকচার (পায়ের হাড়ে চোট) ইনজুরিতে পড়েন নেইমার। মাঠের বাইরে ছিলেন ৯০ দিন। ২০১৯ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অ্যাঙ্কেল ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে অনেকে বলছেন নেইমার ইচ্ছে করে এমনটি করেন! একজন টুইটারে লেখেন, ‘নেইমার ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়ে। এমনটি ছয়বার হলো। হয়তো তার বোনের জন্মদিনের সঙ্গে এর একটি সম্পর্ক আছে। তিনটি বিষয় জীবনে নিশ্চিত তা হলো মৃত্যু, কর এবং বোনের জন্মদিনের সময় নেইমারের ইনজুরি।’

নেইমার যে শুধু ফেব্রুয়ারি-মার্চে ইনজুরিতে পড়েন বিষয়টি তা নয়। এ ছাড়া বহুবার ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন নেইমার। এই মৌসুমে পিএসজির খেলা ২৪ লিগ ম্যাচের ৯টিতে তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি।

‘জানি না আর কত সহ্য করতে পারব’ আবারও দীর্ঘ সময়ের জন্য ফুটবলের বাইরে ছিটকে পড়ায় হতাশ নেইমার। ইনস্টাগ্রাম বার্তায় বললেন এভাবে আর পারছেন না, জানেন না আর কতদিন সহ্য করতে পারবেন। ইনস্টাগ্রামে চোটে পড়া নিয়ে হতাশা প্রকাশ করেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। বলেন দুঃখটা বিশাল, ব্যথা অপরিসীম আর কান্না অবিরাম। জীবনে যা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই ফুটবল খেলা থেকে আবারও কিছুদিন দূরে থাকব। কখনো কখনো আমি অস্বস্তি বোধ করি, এর কারণ আমার খেলার ধরন; কারণ আমি ড্রিবল করি আর তারা আমাকে ক্রমাগত আঘাত করে।’

বারবার আঘাত পাওয়ার পরও চোট নিয়ে নেইমারকে সমালোচনার মুখে পড়তে হয়। সমালোচনায় দুঃখ পান নেইমার। তা নিয়ে বলেন, ‘বুঝতে পারি না সমস্যাটা আমার নাকি আমি মাঠে যা করি সেটার। বিষয়টা আমাকে খুব কষ্ট দেয়।’ ‘অবশ্যই তাকে আঘাত করতে হবে’, ‘সে ইচ্ছা করে পড়ে যায়’, ‘শিশুর মতো’, এমন সব কথাবার্তা যখন কোনো খেলোয়াড়, কোচ, ধারাভাষ্যকার বা যে কারও থেকেই শুনি, খুব খারাপ লাগে। সত্যিই বিষয়টা আমাকে কষ্ট দেয়। জানি না, কতদিন আমি এটা সইতে পারব। আমি কেবল ফুটবল খেলেই খুশি থাকতে চাই। আর কিছু নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত