পিরোজপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩২ পিএম

পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাতে জেলার সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ খান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মো. সিহাব উদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল।

হামলায় গুরুতর আহত শেখ শহিদ জানান, রাত ৮টার দিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ সিহাব উদ্দিন কদমতলা বাজার মসজিদ থেকে নামাজ পড়ে বের হন। এ সময় তিনি স্থানীয় বাজার ব্রিজের কাছে এলে ইউপি চেয়ারম্যান মো. হানিফ খানের নেতৃত্বে দা, লোহার রড ও চাইনিজ কুড়াল নিয়ে ১০/১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়।

তিনি বলেন, ‘খবর পেয়ে আমরাও সেখানে পৌঁছালে চেয়ারম্যান নিজে চাইনিজ কুড়াল দিয়ে আমাকে কুপিয়ে আহত করেন।’

সংঘর্ষের ঘটনায় শাহ আলম শেখ (৬০), শফিজ উদ্দিন শেখ (৪৮), সাইদুল হাওলাদার (৩২) নামে আরও তিনজন গুরুতর আহত হন। এছাড়া আরও ১০/১২ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে বলে তাদের দাবি।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এএইচএম মোস্তফা কায়সার জানান, মো. শহিদ শেখ ও শাহ আলম শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে ইউপি চেয়ারম্যান হানিফ খান সংঘর্ষের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, গত কয়েকদিন ধরে আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতা সিহাব শেখের লোকজন তার (চেয়ারম্যান)  লোকজনকে মারধরসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন।

তিনি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে তার (চেয়ারম্যান) লোকজন ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়ানো থাকলে সিহাব শেখের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

হানিফ খান বলেন, হামলায় সাইদুল শেখ (৩৫), সান্টু খান (৫০), এনামুল হক ইরান (৫০), মুক্তিযোদ্ধা লতিফ খান (৬০) ও রনি মৃধা (৩০) আহত হন। গুরুতর আহত সাইদুল শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনার পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত