ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আবদুল্লাহ আল রিদওয়ান (২৪) নামে এক কম্পিউটার ইঞ্জিনিয়ারের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত নয়টায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। রিদওয়ান জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের ভূঞা বাড়ির সৌদিপ্রবাসী আবু তাহেরের একমাত্র ছেলে ।
শনিবার দুপুরে নামাজে জানাজা শেষে রিদওয়ানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহতের মামা এম ফখরুল ইসলাম জানান, ২০১৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে রিদওয়ান স্কলারশিপ নিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করতে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে দুই বছর অধ্যয়ন শেষে ফের স্কলারশিপ নিয়ে একই বিষয়ে জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০২০ সালের মার্চ মাসে কারোনাকালীণ মহামারিতে দেশে ফিরে এসে দেশে আটকা পড়ে। শুক্রবার বিকেলে তার চাচাতো ভাই নিঝুমসহ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরছিলেন রিদওয়ান ও নিঝুম। সওদাগর হাট ব্রিজ সংলগ্ন পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুইজন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রিদওয়ান মুত্যুবরণ করেন।
