পরিষ্কার শহর পেতে হলে সবাইকে কাজ করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৩ পিএম

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে অনেক সুন্দর নগরী দেখি। তখন স্বাভাবিকভাবে মনে হয় যদি আমাদের শহরটিও এমন হতো। তাদের শহর সুন্দর শুধু সরকার বা সিটি করপোরেশন করেনি। সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বলেই সম্ভব হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেই কেবল ঢাকা নগরীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’

রবিবার রাজধানীর একটি হোটেলে ‘ভালোবাসা দিবস একদিন, শহরকে ভালোবাসি প্রতিদিন’ প্রতিপাদ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, রাজউক, ঢাকা ওয়াসা, গৃহায়ণ কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, নগর পরিকল্পনাবিদ, স্থপতি এবং এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

মন্ত্রী বলেন, ‘রাজধানীর অধিকাংশ পয়োবর্জ্য খালে ও লেকে ফেলা হয়। এটি দ্রুত বন্ধ করতে হবে। এই পয়োবর্জ্য লাইন কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে পরিকল্পনা করার পাশাপাশি একটা টাইমলাইন নির্ধারণ এবং একটি কমিটি গঠন করতে হবে। শুধু মানুষকে ভালোবাসলে হবে না, আমরা যে শহরে বসবাস করি সে শহরকে ভালোবাসার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশকে ভালোবাসতে হবে।

তিনি বলেন, ‘নিজের আবাসস্থল, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে শহরের প্রতি ভালোবাসার মানসিকতা তৈরি করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত