আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি : কাদের

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৩ এএম

ভোট ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশ-বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আলজাজিরার প্রতিবেদন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। এখন আন্দোলনের কোনো ইস্যু না পেয়ে তারা নানা নেতিবাচক কথাবার্তা বলছে। তাদের এ নেতিবাচক কথাবার্তা পরিহারের পরামর্শ দেন তিনি।

গতকাল রবিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। জনগণের উন্নয়ন তাদের রাজনীতির ব্রত। তাই দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণের কল্যাণে একযুগ ক্ষমতায় থেকে কাজ করছেন সেহেতু দলীয় নেতাকর্মীদের তার মতোই জনগণকে ভালোবাসতে হবে।’

তিনি আরও বলেন, সরকারের সব উন্নয়ন ম্লান হয়ে যাবে যদি না আমরা দেশের জনগণকে ভালোবাসতে না পারি। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কর্মকা-সহ জনগণের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দলের নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হকের সভাপতিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষায়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আধ্যাপক ডা. আবদুল আজিজ, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ম ম আমজাদ হোসেন মিলন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত