রাগ-হতাশা থেকেই ওসব বলেছিলেন বিসিবি সভাপতি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৯ পিএম

এক রাতের মধ্যেই ক্রিকেটারদের নিয়ে সুর নরম হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের।

আগের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে টাইগারদের হারের পর বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বিসিবি বস। বলেন, ‘এভাবে আর চলতে দেওয়া যায় না।’ তবে সোমবার বললেন, ওসব বলেছিলেন রাগের মাথায়।

এদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নেন নাজমুল হাসান পাপন। এরপর কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল নিয়ে তার আগের দিনের প্রতিক্রিয়ার কথা এসেছে।

পাপন বলেন, ‘হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদের খারাপ লাগে, আমারও খারাপ লাগে। কালকে ছিল রাগের কথা। আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। তবে আমাদের যে আরো উন্নতি করতে হবে, এ উপলব্ধিটা সবার মধ্যে আসতে হবে।’

এদিনও অবশ্য ক্রিকেটারদের খেলার সমালোচনা করেছেন বিসিবি সভাপতি। তবে সুর ছিল নরম, ‘আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না-এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাটসম্যানদের শট সিলেকশন নিয়ে ভাবতে হবে।’

দুর্বলতা কাটাতে বিসিবি সভাপতি বলেছেন দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত