চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাট এলাকায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে মারা গেছেন সৈকত বড়ুয়া (২৮) নামের একজন পোশাককর্মী। এ ঘটনায় ২০-২২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন মো. ফারুক অভি (২২) নামে আরও একজন।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে কর্ণফুলী নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
নিহত সৈকত কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমিরপুর এলাকার প্রশান্ত বড়ুয়ার ছেলে।
তিনি চট্টগ্রাম শহরে কর্মস্থলে আসার জন্য প্রতিদিনের মতো নৌকায় উঠছিলেন। নিখোঁজ মো. ফারুক অভি একই এলাকার মো. মারজানের ছেলে।
কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউপি সদস্য মো. ইলিয়াছ জানান, সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম নগরের কর্মস্থলে যাওয়ার জন্য প্রতিদিনের মতো ১২ নম্বর ঘাটের এপার থেকে ২০-২৫ জন যাত্রী নৌকায় উঠছিলেন।
পথে নৌকাটি বেকে ঘুরপাকে পড়ে ডুবে যায়। এ সময় ঘাটের কয়েকটি নৌকার সহায়তায় বেশিরভাগ যাত্রীকে উদ্ধার করা হলেও একজনের খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সৈকত বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে সৈকত বড়ুয়াকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,
নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
