খালেদা জিয়া ও গয়েশ্বরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫২ পিএম

মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নড়াইলের আদালত।

পৃথক দুটি মানহানি মামলায় সদর আমলি আদালতের বিচারক আমাতুল মোর্শেদা বুধবার বিকেলে এই গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

বাদী কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের শেখ আশিক বিল্লাহ মামলায় উল্লেখ করেন যে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদদের সংখ্যা নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ বিষয়টি বাদী ও  সাক্ষীরা ২২ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় পড়ে মারাত্মকভাবে ক্ষুব্ধ হন এবং এক কোটি টাকা মানহানি হয়েছে মর্মে ওই বছর ২৯ ডিসেম্বর নড়াইল আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করা হয়।

এ ছাড়া একই ব্যক্তি বাদী হয়ে গত ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ওই বছরই ২৯ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে আরেকটি মামলা দায়ের করেন।

মামলা দুটির সমন জারি হয়ে ফেরত আসায় এবং আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

নড়াইল আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আসামিরা আদালতে হাজির না হলে হুলিয়া বা মালামাল ক্রোকের আদেশ হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত