আমেরিকান ব্র্যান্ড প্রোনজা শোলারের হয়ে নিউইয়র্ক ফ্যাশন উইকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে র্যাম্পে পা রাখলেন এলা এমহফ।
প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ভীষণভাবে নজর কাড়েন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের এই সৎমেয়ে। সেদিন তার পরনে ছিল বিশেষভাবে অলংকৃত মিউ মিউ কোট, যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। এমাও পরিণত হন তারকায়।
ওই অনুষ্ঠানের কিছুদিনের মধ্যে নামি প্রতিষ্ঠান আইএমজি মডেলসের সঙ্গে চুক্তিবদ্ধ হন এমা। এ এজেন্সির সঙ্গে কাজ করছেন কারলি ক্লস ও জিযেলি বিন্ডচিনের মতো সুপারমডেল থেকে হালের দুই বোন বেলা ও গিগি হাদিদ।
অন্যান্য ব্র্যান্ডের মতো এবারের ফ্যাশন উইকে নারীদের জন্য ফল-উইন্টার কালেকশন নিয়ে এসেছে প্রোনজা। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় পুরো আয়োজনটি ওঠে এসেছে ডিজিটাল ফরম্যাটে।
প্রচার ভিডিওতে প্রোনজার পোশাক পরে নিউইয়র্কের পারিস আট মিউজিয়ামে হাঁটতে দেখা যায় এলাকে। সেখানে স্লোগান হিসেবে এসেছে— স্বাচ্ছন্দ্য, অনুপ্রেরণা ও আধুনিক নারীদের ক্ষমতায়ন।
এ উপলক্ষে ধারণ করা এক সাক্ষাৎকারে এলা এমহফ জানান, শো-এর আগের রাতে তিনি ঘুমাতে পারেননি।
সঙ্গে জানান, কোনো পেশাদার পরিবেশে এই প্রথমবার তিনি হাঁটলেন। ফ্যাশন জগতের প্রথম অভিজ্ঞতাকে ‘মহাকাব্যিক’ বলেও উল্লেখ করেন।
ফ্যাশন নিয়েই এলার পড়াশোনা। ছোটবেলা থেকে ডিজাইনার হতে চেয়েছেন। নিজের একটি ব্র্যান্ড তৈরির পরিকল্পনা রয়েছে তারা। রঙিন পোশাকে ভরে উঠুক চারপাশ— এমন স্বপ্ন দেখেন এলা এমহফ।
