সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত মূল্যে ভোজ্য তেল বিক্রি নিশ্চিত করতে কঠোর নজরদারির দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। নজরদারিতে আন্তরিকতার ঘাটতি হলে এ উদ্যোগের সফলতা নিয়ে সংশয় থেকে যাবে বলেও মন্তব্য করেন ক্যাব নেতারা। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানায় ক্যাব।
বিবৃতিতে বলা হয়, সরকার নির্ধারিত প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিলগেটে ১০৭, পরিবেশক পর্যায়ে ১১০ এবং খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল মিলগেটে ১২৩, পরিবেশক পর্যায়ে ১২৭ এবং খুচরা বিক্রয় মূল্য ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন মিলগেটে ৫৯০, পরিবেশক পর্যায়ে ৬১০ এবং খুচরা বিক্রয় মূল্য ৬৩০ টাকা করা হয়েছে। যা ভোজ্য তেল ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দেশীয় ট্যারিফ কমিশনের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বর্ধিত মূল্যকে প্রকারান্তরে সরকারি স্বীকৃতি প্রদান বলে মতপ্রকাশ করেন।
