ফ্রাঞ্চাইজি হকির খবরে ‘নতুন দিনের’ আশায় খেলোয়াড়েরা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৮ পিএম

প্রিমিয়ার ডিভিশন হকি লিগ তিন বছর ধরে মরীচিকায় ডুবেছে। ওদিকে জাতীয় দলের খেলা নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়া হকি খেলোয়াড়েরা নতুন একটি খবরে সুদিনের আশা করছেন। টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের আদলে দেশে হতে পারে ফ্রাঞ্চাইজি হকি লিগ।

ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের জন্য বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টস সম্প্রতি একটি প্রস্তাব দিয়েছে ফেডারেশনের কাছে। খেলাধুলা ভিত্তিক নতুন এই সম্প্রচার মাধ্যমটি ইতিমধ্যে ফুটবল এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে।

‘করপোরেট হাউসগুলোকে বোঝানো একটি বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের লিগের জন্য একটি টেকসই মডেল তৈরি করতে হবে,’ মন্তব্য করে টি-স্পোর্টসের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সাদেক বলছেন, ‘আমরা মনে করি প্রথম বছরের জন্য চার থেকে পাঁচটি করপোরেট হাউসকে রাজি করাতে পারব। তবে আমরা যদি টেকসই মডেল নিশ্চিত করতে না পারি তাহলে তারা সঙ্গে থাকবে না।’

জাতীয় হকি দলের মিডফিল্ডার মোহাম্মদ নাঈম উদ্দিন ফ্রাঞ্চাইজি লিগের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রতিটি ক্লাবের কর্মকর্তা লিগ চান। কিন্তু অবাক করার বিষয় হলো তারা সভায় বসতে পারেন না। এ কারণে আমরা বছরের পর বছর ভুগছি। ফ্রাঞ্চাইজি লিগ হলে খেলোয়াড়দের আয়ের ক্ষেত্র সৃষ্টি হবে। আমরা চাই হকি পিচে ফিরে আসুক এবং প্রতিটি খেলোয়াড় এই খেলাকে উপজীব্য করে জীবিকা নির্বাহ করুক। বেশিরভাগ খেলোয়াড়ই বেকার, কিছু বাদে যারা বিভিন্ন বাহিনীতে চাকরি করেন।’

টি-স্পোর্টসের আরেকজন কর্মকর্তা বলেছেন, তারা বিপিএল’র আদলে ফ্রাঞ্চাইজি লিগটি আয়োজনের পরিকল্পনা করছেন। এতে ছয় বিভাগের ছয়টি করপোরেট হাউস অংশ নেবে। ডাবল-লেগ পদ্ধতিতে খেলা হবে। শীর্ষ চার দল প্লে-অফে খেলবে। আগামী মে মাসে এই টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে।

তিনি বলেন, প্রতিটি দলে একজন করে আইকন খেলোয়াড় থাকবে, যিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন। এছাড়া এ, বি এবং সি ক্যাটাগরিতে ভাগ করা হবে খেলোয়াড়দের। সেই সঙ্গে দলে একজন বিদেশি খেলোয়াড় নেওয়ারও সুযোগ থাকবে।

টি-স্পোর্টসের ওই কর্মকর্তা আরও বলেন, হকির প্রতি আকর্ষণ তৈরি করতে বিপণনে বেশি অর্থ ব্যয় করবে টি-স্পোর্টস। খেলোয়াড়েরা হয়তো বড় অঙ্কের পারিশ্রমিক পাবেন না। তবে তারা পরবর্তী টুর্নামেন্ট থেকে ভাল অর্থই পাবে।

আয়ের নির্দিষ্ট একটি অংশ তারা হকি ফেডারেশনকেও দিতে চান জানিয়ে বলেন, ‘আমরা হকিকে একটি ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ’

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা টি-স্পোর্টসের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে নিয়েছি। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই ওই কমিটি বিষয়টি চূড়ান্ত করবে।

ফেডারেশন সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাহী কমিটির সভায় এই ধরনের লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়। টি-স্পোর্টসের পাশাপাশি ফেডারেশনের কর্মকর্তাদেরও ইচ্ছা মে মাস নাগাদ খেলা শুরু করার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত