রায়পুরায় প্রতিবেশীর মারধরে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৬ পিএম

নরসিংদীর রায়পুরায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় শহীদ মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার উত্তর বাখরনগন ইউনিয়নের লোচনপুর এলাকায় বাড়ির একটি গাছ প্রতিবেশীরা কেটে নেওয়ার সময় বাধা দিলে তার ওপর এই হামলা করা হয়।

নিহত শহীদ মিয়া রায়পুরা উপজেলার উত্তর বাখরনগন ইউনিয়নের লোচনপুর গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে।

নিহত শহীদ মিয়ার ছোট মেয়ে জেসমিন আক্তার বলেন, আমাদের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী খালেকের সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। পরে কোর্টে মামলাও করা হয়েছে। যা এখন ও চলমান। শনিবার দুপুরে বাড়ির সীমানার একটি গাছের ডাল খালেকের ছেলে রাজিব  কেটে নিচ্ছিলেন। পরে বাবা সেখানে গিয়ে ওই গাছ কাটতে বাধা দেন। এ সময় গাছ কাটার দা নিয়ে বাবাকে কোপানোর হুমকি দেওয়া হয়। এর পরপরই আওয়াল, খালেক, বিজয়, মুন্নু, রাকিব, কেরুল, সামিসহ বাড়ির নারীরা সবাই মিলে ঘিরে ধরে কিল-ঘুষি মারতে থাকেন। পরে বাবা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান। আমরা আহত অবস্থায় আব্বাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাকে নিয়ে যাওয়া হয় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ মো. ফারুক বলেন, শহীদ মিয়াকে তার স্বজনেরা দুপুরে হাসপাতালে নিয়ে আসেন। ওই সময় চিকিৎসক তার পালস খুঁজে পাচ্ছিলেন না। পরে ইসিজি করার পর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হন। তাকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহত শহীদ মিয়ার সঙ্গে চাচাতো ভাই খালেকের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত শহীদ মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আর এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত