কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৪৪ জনকে আসামি করে মামলা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৫ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাপরাশির হাট বাজারে মির্জা কাদের ও বাদল গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মামলা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

শনিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে এস আই শফিকুল ইসলাম বাদী হয়ে আরও একটি মামলা করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে মিজানুর রহমান বাদল বাদী হয়ে চরফকিরা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটনকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত ৫-৬শ জনকে আসামি করা হয়।

অন্যদিকে, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ৫ থেকে ৬ শ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

উল্লেখ্য, সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে উপজেলার চাপরাশিরহাট বাজারে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেন। পরে বাদলের অনুসারীরা চাপরাশিরহাট বাজারে মিছিল করতে গেলে কাদের মির্জার সমর্থকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গণমাধ্যমকর্মীসহ চারজন গুলিবিদ্ধ ও অন্তত ২০জন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত