জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনার বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ২৪ ঘণ্টার মধ্যে মামলা করার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
এছাড়া শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়াতে যেসব শিক্ষার্থী এখনো রয়েছেন তাদের পুলিশি হেফাজতে ক্যাম্পাসে ফিরিয়ে আনা এবং নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
এ ছাড়া হামলায় আহতদের ব্যয় বহনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণেরও দাবি জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। আজকের মধ্যেই মামলা হতে পারে।’
