আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার ছুটির আবেদন মঞ্জুরও করেছে। কদিন ধরেই দেশের ক্রিকেট সবচেয়ে আলোচিত ইস্যু এটি। যা নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাকিবের সিদ্ধান্তে খারাপ লাগার কথা গোপন করেননি বিসিবি প্রধান। সোমবার সাংবাদিকদের বলেছেন, ‘আমাকে যদি বলেন, মন খারাপ। আমাদের মনটা খারাপ।’
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে সোমবার খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি। এরপর বোর্ডের সদস্যদের নিয়ে সাম্প্রতিক ইস্যুতে আলোচনায় বসেন।
সাকিব সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন আগেই। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নেওয়ার পর সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা সফরে না যাওয়ার।
বিসিবি সভাপতি তার মন খারাপ হওয়ার কারণটাও ব্যাখ্যা করেন, ‘একটা খেলোয়াড়দের পেছনে তো বোর্ড কম ইনভেস্ট করে না। বোর্ড ১০-১৫টা বছর যে ইনভেস্টমেন্ট করে, সেটা আপনাদের সবার জানা আছে কি না আমি জানি না। সবকিছু মিলিয়ে এখনকার ক্রিকেটারদের যে ধরনের সুবিধা দেওয়া হয় সেটা তো অতীতে চিন্তাও করা যেত না।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যই ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এমন পরিস্থিতিতে সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে বিসিবি সভাপতির চাওয়াটা ছিল অন্য রকম।
বলেন, ‘দল দুটি টেস্ট ম্যাচ হারার পর, শুধু এই দুটি ম্যাচই নয়, আফগানিস্তানের কাছে হেরেছি, পাকিস্তান-ভারতের কাছে খারাপভাবে হেরেছি। আমার ধারণা ছিল, এত হারার পর সবাই উঠেপড়ে লাগবে যে পরের ম্যাচ জিততেই হবে।’
কিন্তু হলো উল্টো। সাকিব বললেন টেস্ট খেলবেন না। নাজমুল হাসান পাপন বলছেন, ‘কেউ যদি বলে টেস্ট খেলব না, ফ্র্যাঞ্চাইজি খেলব, আর কিছু বলার থাকে না। আমাদের ভাবনা খুবই পরিষ্কার। কাউকে আমরা জোর করে আটকাব না।’
একপর্যায়ে তিনি বলেন, ‘এটা শকিং না হলে আর কোনটা শকিং… তবে ঠিক আছে। আমি এটা নিয়ে হুলুস্থুল করতে চাই না।’
