রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতের শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি রেলস্টেশন পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে। এতে বাংলাদেশের সঙ্গে ভারত, ভুটান ও নেপালের যোগাযোগ আরও সহজ হবে।
মন্ত্রী গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন উঁচু ও বর্ধিত প্ল্যাটফরম নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মোংলা বন্দর পর্যন্ত রেল যোগাযোগের কাজ চলছে, আশা করছি আগামী বছরের জুনের মধ্যে রেল চলাচল শুরু হবে।
রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাব্যবস্থাপক ডিএন মজুমদার, জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বন্যা।
পরে মন্ত্রী ঠাকুরগাঁও রোড রেলস্টেশন পরিদর্শন করেন।
