অনুমতিবিহীন হাউজিং প্রকল্প বন্ধের নির্দেশ মেয়র তাপসের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৩ পিএম

সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বিনা অনুমতিতে আবাসন করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি এসব হাউজিং প্রকল্প বন্ধের নির্দেশ দেন।

বুধবার দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকায় পরিদর্শনে গিয়ে করপোরেশনের সম্পত্তি বিভাগ ও দক্ষিণ সিটির ৬ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সম্পত্তি কর্মকর্তাকে এই নির্দেশ দেন।

ডিএসসিসি মেয়র বলেন, করপোরেশনের অনুমোদনবিহীন সকল গৃহায়ণ প্রকল্প বন্ধ করুন।

সাপ্তাহিক পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে সংস্থার কর্মকর্তাদের নিয়ে ডিএসসিসি মেয়র তাপস সকাল থেকে নৌকায় করে ত্রিমোহিনী গুদারাঘাট হতে দাসেরকান্দি, বালু নদীর পাড়, কায়েতপাড়া বাজার, ইদেরকান্দি ও ফকিরখালী এলাকা ঘুরে দেখেন। পরে ফকিরখালী এলাকার স্থানীয়দের সাথে কথা বলেন। এর পর দুপুরে ত্রিমোহিনী বাজারে পৌঁছে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এ সময় মেয়র তাপস বলেন, ‘আমরা সরেজমিন দেখলাম যে, এখানে কিছু আবাসন প্রতিষ্ঠান দক্ষিণ সিটি করপোরেশনের বিনা অনুমতিতে জমি দখল করছে। যত্রতত্র অপরিকল্পিতভাবে তারা আবাসন করছে। যেখানে মানুষ ভুক্তভোগী হচ্ছে। এই এলাকার জনগণ প্রতিবাদ জানিয়েও কূলকিনারা পাচ্ছে না, ফল পাচ্ছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত