সিটিজেন চার্টারে ৪৫ কার্যদিবসে জমির নাম খারিজের আবেদনের নিষ্পত্তি করার কথা। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দীর্ঘদিন ঘুরেও সমাধান পাচ্ছেন না অনেকে। এতে ভোগান্তিতে পড়েছেন জমির মালিকরা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। গতকাল বুধবার সকালে সরাইল উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ভুক্তভোগীরা জানান, সরাইলে গত দেড় বছরেরও বেশি সময় ধরে নাম খারিজের আবেদন নিষ্পত্তির গতি ধীর। গত ঈদুল আজহার আগে নাম খারিজের আবেদন করে সমাধান পাননি টিঘর গ্রামের গেদু মিয়ার ছেলে দিলু মিয়া (৫৫)। গত ২৮ ডিসেম্বর তিনি এ বিষয়ে নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। আবেদনের পাঁচ মাস পর খারিজ না পেয়ে মৌখিকভাবে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন কালিকচ্ছ ইউনিয়নের ইউপি সদস্য অরবিন্দ। গতকাল বুধবার সকালে ভুক্তভোগীরা উপজেলা ভূমি অফিসের সামনে মানববন্ধনে দাঁড়ালে সেখানে উপস্থিত হন ইউএনও আরিফুল হক মৃদুল। তিনি বিষয়টির সমাধানের আশ্বাস দেন। এরপর তিনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে বসে আলোচনাও করেন। ইউএনও জানান, মানববন্ধন হয়নি। তারা এসেছিলেন, সমাধানের আশ্বাস পেয়ে চলে গেছেন।
