মুন্সীগঞ্জে সংঘর্ষে ছয়জন টেঁটাবিদ্ধসহ আহত ১০

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৮ এএম

জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বুধবার মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কয়রাখোলা ও চান্দেরচর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ৬ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সকাল ৬টার দিকে কয়রাখোলা গ্রামের মো. জহির ও নুর হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পরে চান্দেরচর গ্রামে দ্বিতীয় দফায় সংঘর্ষে লিপ্ত ওই দুইপক্ষের লোকজন। এতে টেঁটাবিদ্ধ অবস্থায় চান্দেরচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মৃদুল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর টেঁটাবিদ্ধ চান্দেরচর গ্রামের সাদর মিয়া, আখির ধেন্দা, নিলু মিয়া, কয়রাখোলা গ্রামের শরীফ হোসেন ও রবিউল হাসানকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সিরাজদীখান থানার ওসি এসএম জালালউদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ওই দুইপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ চান্দেরচর ও কয়রাখোলা গ্রামে গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত