বিশ্ব ফুটবলে এই মুহূর্তে আলোচনার সবচেয়ে বড় বিষয় লিওনেল মেসির ভবিষ্যৎ। চলতি মৌসুম শেষে আর্জেন্টাইন তারকা বার্সেলোনাতেই থাকবেন না অন্য ঠিকানা বেছে নেবেন, জানতে আগ্রহী সবাই। এমন পরিস্থিতিতে মেসি প্রসঙ্গে কথা বললেন জাতীয় দল ও ক্লাবে তার সাবেক সতীর্থ হাভিয়ের মাচেরানো।
তবে ৩৬ বছর বয়সী মাচেরানো সতীর্থকে কোনো উপদেশ দিতে চান না। বললেন, মেসি যে সিদ্ধান্তই নিন, তা স্বাগত জানাবেন তিনি।
সম্প্রতি লা লিগার একটি অনুষ্ঠানে মাচেরানো বলেন, ‘মেসির ব্যাপারে, আমি কখনই তাকে কোনো পরামর্শ দেব না। কারণ সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। হ্যাঁ, বন্ধু হিসেবে তার যে কোনো সিদ্ধান্তকে আমি স্বাগত জানাব।’
গত নভেম্বরে পেশাদার ফুটবলকে বিদায় জানানো মাচেরানো আরো বলেন, ‘সব বড় ক্লাবেই, একটা সময় খেলোয়াড়দের দল ছাড়তে হয়। ক্লাবই শুধু রয়ে যায়।’
তবে ৩৩ বছর বয়সী মেসিকে মাঠে আগের মতই ক্ষুরধার মনে করেন মাচেরানো, ‘আমার মনে হয় সে ভালো খেলছে। যদিও খেলাধুলার বিচারে বার্সেলোনা এখন সেরা সময়ে নেই। আগের ১৫ বছরের তুলনায় চলতি মৌসুমে তার শারীরিক ভাষা ও খেলায় কোনো পরিবর্তন আসেনি।’
ক্লাব পর্যায়ে মাচেরানো সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে আট বছরে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগাসহ জিতেছেন মোট ১৯টি শিরোপা। সম্প্রতি লা লিগার অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।
