হাসপাতাল থেকে চুরি যাওয়া ২ শিশুর একজন জীবিত ও অপরজনকে মৃত উদ্ধার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৫ পিএম

সিরাজগঞ্জে হাসপাতাল থেকে চুরি যাওয়া দুই শিশুর একজনকে জীবিত ও আরেকজনকে মৃত উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ১১ টায় সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামের সাদ্দাম হোসেনের বাড়ি থেকে পুলিশ তাদের উদ্ধার করে। চুরির সাথে সাদ্দামের স্ত্রী কল্পনা খাতুনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরও ৪ নারী ও ২ পুরুষকে আটক করে।

উদ্ধারকৃত শিশুদের মধ্যে ২৩ দিন বয়সের মাহিমকে মৃত অবস্থায় পাওয়া যায়। সে লাহীড়ি মোহনপুর ইউনিয়নের ভাদালিয়া গ্রামের চয়ন ইসলাম ও সারমিন খাতুন দম্পতির ছেলে। এছাড়া, উদ্ধার হওয়া শিশু সামিউলের বয়স মাত্র ৬ ঘণ্টা। সে নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামের আব্দুল মাজেদ ও সবিতা খাতুনের ছেলে।

গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে মাহিমকে চুরি করা হয়। অপরদিকে শনিবার দুপুরে হাটিকুমরুল গোলচত্বরের শাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাতক সামিউলকে চুরি করা হয়।

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, শনিবার দুপুরে হাটিকুমরুল গোলচত্বরের শাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাতক চুরি যাওয়ার পর ওই হাসপাতালের ও আশপাশের আরও কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ ও বিভিন্ন দিক পর্যালোচনা করে রাত সাড়ে ১০ টার দিকে উল্লাপাড়ার আলোকদিয়া গ্রামের সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে শিশু দুটি উদ্ধার করা হয়।

এ সময় নবজাতক সামিউল সাদ্দামের স্ত্রী কল্পনার কোল থেকে ও বাড়ি তল্লাশি করে ধানের গোলার মধ্যে থেকে মাহিমের লাশ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত