রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচন: দুই পক্ষের গোলাগুলি, পুলিশসহ আহত ১২

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৫ পিএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে দুই পক্ষের গোলাগুলিতে পুলিশসহ আহত ১২ হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

রবিবার সকাল ৮ টা থেকে ১১ টি কেন্দ্রে রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিনে ভোট গ্রহণ শুরু হয়ে।

বেলা ১১ টার দিকে ১নং কেন্দ্র উত্তর নোয়াগাঁও সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী এহসান ও জালাল উদ্দিনের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে গুলি ও রডের আঘাতে কাউন্সিলর প্রার্থী এহসান (৩০) ও পুলিশের এ এস আই মুনির (৩৪), মোহাম্মদ বাদশা (২৬) ও মোহাম্মদ সোহেলকে (৩১) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে বাদশা ও সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। ১ নং ওয়ার্ডে কেন্দ্রের বাইরে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভোট গ্রহণে কোন প্রতিবন্ধকতা হয়নি।

এদিকে, নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হেলাল উদ্দিন শাহ অভিযোগ করেছেন. প্রত্যেক কেন্দ্র থেকে তার এজেন্টদের জোর করে বের করে দিয়ে কৌশলে ভোট ডাকাতি করা হচ্ছে। তবে তিনি নির্বাচন বর্জন করবেন না বলে জানিয়েছেন।

উপজেলা সদর ইছাখালী জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার আব্দুল কাদের ইভিএম এ ভোট দিয়ে উৎসাহ প্রকাশ করেন। পৌরসভার সবগুলো ভোট  কেন্দ্রে ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত