ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের গাড়ি থাকলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। টিএসসি থেকে ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ হুমকি দেন।
নুরুল হক নুর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের গাড়ি থাকলে আগুন ধরিয়ে দেবেন। আগুন ধরিয়ে আমাকে হুকুমের আসামি করতে বলবেন যে, ডাকসুর ভিপি আগুন ধরাতে বলেছে। ক্যাম্পাসে পুলিশের গাড়ি থাকবে কেন? এটা তো কোনো ক্যান্টনমেন্ট এরিয়া না। অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায়, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে যায়।
তিনি বলেন, ক্যাম্পাসে পুলিশ প্রবেশের জন্য প্রক্টরের অনুমতি নেয়ার কথা থাকলেও যখন-তখন, যত্রতত্র ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের দেদারসে অত্যাচার এবং গ্রেপ্তার করছে পুলিশ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ নিরবতা শিক্ষার্থীদের জন্য হুমকিস্বরূপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে খর্ব করে সংকটের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে বর্তমান প্রশাসন।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ওই সমাবেশ থেকে চার দফা দাবি পেশ করা হয়। তাদের দাবিগুলো হলো শাহবাগে মশাল মিছিল থেকে আটক সাত শিক্ষার্থী এবং টিএসসি থেকে আটক তিন শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল। লেখক মুশতাক আহমেদ হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার। ক্যাম্পাসে সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের জন্য পূর্ণ বাকস্বাধীনতা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, যুগ্মআহ্বায়ক ফারুক হাসান, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আকতার হোসেন বক্তব্য দেন।
