দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। সে মোতাবেক ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে সোমবার অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়।
বশেমুরকৃবি জনসংযোগ বিভাগের উপরেজিস্ট্রার মজনু মিয়া সভার বরাত দিয়ে জানান, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে সমন্বয় করে এ তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ (চতুর্থ বিষয় বাদে) ৮ এবং পৃথকভাবে এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে। পরীক্ষার সময় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা এবং এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উপস্থিত ছিলেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান ও বশেমুরকৃবি’র রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার এবং আইটি বিশেষজ্ঞ প্রমুখ। ভর্তি আবেদনের তারিখসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
