ফতুল্লায় কাপড়ের মার্কেটে অগ্নিকান্ড, ২৫ দোকান ছাই

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০১:১৪ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকান্ডনারায়ণগঞ্জ পুরাতন সড়ক ঘেঁষে গড়ে ওঠা কাপড়ের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ছোট-বড় প্রায় ২৫টি দোকান। গতকাল বুধবার ভোর সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নগরীর মন্ডলপাড়া এবং ফতুল্লা বিসিকের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, ফতুল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন সোহেলের মালিকানাধীন কাপড়ের মার্কেটের পেছন দিকের দোকান থেকে ভোর সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যাওয়া পুলিশের এসআই পোদ্দার জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৩ জন দোকান মালিকের নাম তিনি জানতে পেরেছেন। পুড়ে যাওয়া অধিকাংশ দোকানই কাপড়ের ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত